সময়ের কণ্ঠস্বর, ঢাকা- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করা অসম্ভব মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করতে হবে।
সুপ্রিমকোর্ট অডিটরিয়ামে রোববার বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে সরকারের এজেন্ট ঢুকে গেছে। এই অবস্থায় নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় মির্জা ফখরুল আওয়ামী লীগের নেতারা কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন জানতে চান। তিনি বলেন, ‘আজকে অনির্বাচিত আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা অনেক বড় বড় কথা বলেন। তারা বিএনপিকে উপদেশ দেন। আমি জিজ্ঞাসা করতে চাই- ৭১ সালে যুদ্ধের সময় কতজন বাংলাদেশে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন, তার হিসাব চাই আমরা।’
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার প্রসংসা করে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। বলেন, ভারতের বর্তমান নাগরিকত্ব আইনের বিপক্ষে অবস্থান নেয়া উচিত বর্তমান সরকারকে।
শহীদ বুদ্ধিদিবসের আলোচনা সভার শুরুতেই বিএনপির সিনিয়র নেতারা শ্রদ্ধা জানান ১৯৭১ সালের এই দিনে নিহত হওয়া শহীদদের ওপর। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রায় সব সিনিয়র নেতারা।
বিএনপির সিনিয়র নেতারা বলেন বিচার বিভাগের কাধে বন্দুক রেখে স্বৈরশাসন চালাচ্ছে বর্তমান সরকার। বিচারবিভাগ পরাধীন যার প্রমাণ মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটকে রাখা।
0 Comments