আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেছেন, সারা বিশ্বের মুসলিমদের ভাগ্য এখন আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের হাতে নেই।

এরদোয়ান বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ১৭০ কোটি মুসলমানসহ অন্য জাতিগুলোর ভাগ্য নির্ধারণ করবে তা হতে পারে না। এটা হতে দেব না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নতুন করে সাজাতে হবে।’

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর সামিটে ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান।

এরদোয়ান বলেন, মুসলিম দেশগুলো একজোট হয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) মতো একটি আপডেট প্ল্যাটফর্ম গঠন করা জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটার এবং রোবোটিক টেকনোলজি নিয়ে আলোচনা হচ্ছে, তখন দুর্ভাগ্যজনকভাবে আমরা অভ্যন্তরীণ বিতর্ক মেটাতে আমাদের শক্তি অপচয় করছি।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি জানি মুসলিম নেতা হিসেবে আমরা কেউ এতে সন্তুষ্ট নই। যেসব প্রকল্প সম্ভাবনা বাড়াবে এবং ঘাটতি দূর করবে, সেসব প্রকল্পে দৃষ্টিনিবদ্ধ করতে হবে আমাদের।

উল্লেখ্য বৃহস্পতিবার থেকে মালেয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা চলছে। সেখানে তুর্কি প্রেসিডেন্ট ছাড়াও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ ও কাতারের আমির শেখ তামিম অংশ নিয়েছেন।

এছাড়া অংশ নিয়েছেন বিশ্বের অন্যান্য মুসলিম দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।